23:1মু’মিনরা সফলকাম হয়ে গেছে।
23:2যারা নিজেদের নামাযে বিনয় নম্রতা অবলম্বন করে।
23:3যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে।
23:4যারা যাকাত দানে সক্রিয়।
23:5যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে।
23:6নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এ ক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত।
23:7এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী।
23:8আর যারা নিজেদের আমানাত ও ওয়াদা পূর্ণ করে।
23:9আর যারা নিজেদের নামাযের ব্যাপারে যত্নবান।
23:10তারাই হল উত্তরাধিকারী।
23:11তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে।
23:12আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
23:13অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
23:14পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর মাংসপিন্ডকে পরিণত করি হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান!
23:15এরপর তোমরা অবশ্যই মরবে।
23:16তারপর কিয়ামাতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।
23:17আমি তোমাদের উপরে সপ্ত স্তর সৃষ্টি করেছি, আমি (আমার) সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই।