67:27অতঃপর যখন তারা তাকে (অর্থাৎ ক্বিয়ামতকে) নিকটে উপস্থিত দেখতে পাবে, তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে, আর (তাদেরকে) বলা হবে, ‘এই তো (ও‘য়াদা বাস্তবায়িত হয়েছে) যা তোমরা চাচ্ছিলে।’
67:28বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া করেন (তাতে তোমাদের লাভটা কী?) মর্মান্তিক শাস্তি থেকে কাফিদেরকে বাঁচাবে কে?
67:29বল, ‘তিনিই দয়াময়, আমরা তাঁর উপরেই ঈমান রাখি, আর তাঁর উপরেই নির্ভর করি। তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গুমরাহীতে আছে (আমরা না তোমরা)।’
67:30বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবহমান পানি?’’
68:1নূন, কলমের শপথ আর লেখকেরা যা লেখে তার শপথ।
68:2তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।
68:3তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,
68:4নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।
68:5শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,
68:6তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।
68:7তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।
68:8কাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য কর না।
68:9তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,
68:10তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।
68:11যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,
68:12যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
68:13কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।
68:14কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।
68:15তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে, ‘‘এতো আগে কালের লোকেদের কিসসা কাহিনী মাত্র।
68:16আমি তার শুঁড়ের উপর দাগ দিয়ে দিব (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)।