69:36ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই,
69:37যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না।
69:38আমি কসম করছি সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও,
69:39আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না
69:40যে, অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল [জিবরীল (আঃ)]-এর (বহন করে আনা) বাণী।
69:41তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না,
69:42এটা কোন গণকের কথাও নয়, (গণকের কথায় তো) তোমরা নসীহত লাভ করো না।
69:43এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
69:44নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,
69:45আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,
69:46তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিন্ডের শিরা,
69:47অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, (আমার গোস্বা থেকে তাকে রক্ষা করার জন্য) বাধা সৃষ্টি করতে পারে।
69:48মুত্তাক্বীদের জন্য এ কুরআন অবশ্যই এক উপদেশ,
69:49আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে কতক লোক (কুরআনকে) অস্বীকার করবে।
69:50আর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)।
69:51এটা একেবারে নিশ্চিত সত্য।
69:52অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।
70:1এক ব্যক্তি চাইল সে ‘আযাব যা অবশ্যই সংঘটিত হবে।
70:2কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই
70:3(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,
70:4ফেরেশতা এবং রূহ (অর্থাৎ জিবরীল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
70:5সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।
70:6তারা ঐ দিনটিকে সুদূর মনে করছে,
70:7কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।
70:8সেদিন আকাশ হবে গলিত রূপার মত,
70:9আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,
70:10বন্ধু বন্ধুর খবর নিবে না,