73:20তোমার প্রতিপালক জানেন যে, তুমি কখনও রাতের দু’তৃতীয়াংশ ‘ইবাদাতের জন্য দাঁড়াও, কখনও অর্ধেক, কখনও রাতের এক তৃতীয়াংশ, তোমার সঙ্গী-সাথীদের একটি দলও (তাই করে)। আল্লাহ্ই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন। তিনি জানেন, তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারবে না। কাজেই তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হয়েছেন। কাজেই কুরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয়, তুমি ততটুকু পড়। তিনি জানেন, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, আর কতক আল্লাহর অনুগ্রহ সন্ধানে যমীনে ভ্রমণ করবে, আর কতক আল্লাহর পথে যুদ্ধ করবে। কাজেই তোমাদের জন্য যতটুকু সহজসাধ্য হয় তাই তাত্থেকে পাঠ কর, আর নামায প্রতিষ্ঠা কর, যাকাত দাও আর আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ। তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট (সঞ্চিত) পাবে, তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড়। তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু।
74:1ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!
74:2ওঠ, সতর্ক কর।
74:3আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
74:4তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।
74:5(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।
74:6(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।
74:7তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।
74:8যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,
74:9সেদিনটি হবে বড়ই কঠিন দিন,
74:10(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।
74:11ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।
74:12আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,
74:13আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।
74:14এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।
74:15এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।
74:16কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।
74:17শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।
74:18সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,