80:1(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।
80:2(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।
80:3(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।
80:4কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।
80:5পক্ষান্তরে যে পরোয়া করে না,
80:6তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।
80:7সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।
80:8পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।
80:9আর সে ভয়ও করে,
80:10তুমি তার প্রতি অমনোযোগী হলে।
80:11না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী,
80:12কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,
80:13(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে
80:14সমুন্নত, পবিত্র।
80:15(এমন) লেখকদের হাতে
80:16(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।
80:17মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?
80:18আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
80:19শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।
80:20অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।
80:21অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
80:22অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।
80:23না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।
80:24মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।
80:25আমি প্রচুর পানি ঢালি,
80:26তারপর যমীনকে বিদীর্ণ করে দেই,
80:27অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,
80:28আঙ্গুর, তাজা শাক-শব্জী,
80:29যয়তূন, খেজুর,
80:30আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা,
80:31আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।
80:32তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।
80:33অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;
80:34সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
80:35তার মা, তার বাপ,
80:36তার স্ত্রী ও তার সন্তান থেকে,
80:37সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।
80:38সেদিন কতক মুখ উজ্জ্বল হবে,
80:39সহাস্য, উৎফুল্ল।
80:40সেদিন কতক মুখ হবে ধূলিমলিন।