80:41কালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে।
80:42তারাই আল্লাহকে প্রত্যাখ্যানকারী, পাপাচারী।
81:1যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে
81:2আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে।
81:3পর্বতগুলোকে যখন চলমান করা হবে,
81:4যখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে,
81:5যখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে,
81:6যখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে।
81:7যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে,
81:8যখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা-শিশুকে জিজ্ঞেস করা হবে,
81:9কোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
81:10যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে,
81:11যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে।
81:12যখন জাহান্নামকে উসকে দেয়া হবে,
81:13আর জান্নাতকে নিকটে আনা হবে,
81:14তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।
81:15আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,
81:16চলে ও লুকিয়ে যায়,
81:17শপথ রাতের যখন তা বিদায় নেয়
81:18আর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়,
81:19এ কুরআন নিশ্চয়ই সম্মানিত রসূলের (অর্থাৎ জিবরাঈলের) আনীত বাণী।
81:20যে শক্তিশালী, ‘আরশের মালিক (আল্লাহ)’র নিকট মর্যাদাশীল।
81:21সেখানে মান্য ও বিশ্বস্ত।
81:22(ওহে মাক্কাবাসী!) তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পাগল নয়।
81:23সে সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
81:24সে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।
81:25আর তা কোন অভিশপ্ত শয়ত্বানের বাণী নয়।
81:26কাজেই তোমরা (সত্যকে প্রত্যাখ্যান করে) কোথায় চলেছ?
81:27এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ।
81:28তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়।
81:29তোমরা ইচ্ছে কর না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন।