86:1শপথ আসমানের আর যা রাতে আসে তার,
86:2তুমি কি জান যা রাতে আসে তা কী?
86:3উজ্জ্বল নক্ষত্র।
86:4প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
86:5অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
86:6তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
86:7যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
86:8তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
86:9যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
86:10সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
86:11ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
86:12এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
86:13কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
86:14এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।
86:15এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
86:16আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
86:17কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।
87:1তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
87:2যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
87:3যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
87:4যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
87:5অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
87:6আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
87:7তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
87:8আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
87:9কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
87:10যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।