98:6কিতাবধারীদের মধ্যে যারা কুফুরী করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম।
98:7যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম।
98:8তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এ সব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে।
99:1পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,
99:2পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,
99:3এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’
99:4সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,
99:5কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,
99:6সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,
99:7অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,
99:8আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।
100:1শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,
100:2অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,
100:3অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,
100:4আর সে সময় ধূলি উড়ায়,
100:5অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),