78:1লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
78:2(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
78:3যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
78:4কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
78:5আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
78:6(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
78:7আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
78:8আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
78:9আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
78:10রাতকে করেছি আবরণ,
78:11আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
78:12আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
78:13এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
78:14আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
78:15যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
78:16আর ঘন উদ্যান।
78:17নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
78:18সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
78:19আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
78:20আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
78:21জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
78:22(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
78:23সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
78:24সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
78:25ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
78:26উপযুক্ত প্রতিফল।
78:27তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
78:28তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
78:29সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
78:30অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।