37:1শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,
37:2অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,
37:3আর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত,
37:4তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।
37:5যিনি আসমান, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক।
37:6আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,
37:7আর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।
37:8যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)
37:9(তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।
37:10তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পিছু নেয়।
37:11তাদেরকে জিজ্ঞেস কর- সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা (বেশি প্রবল)? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি (অতি নগণ্য) মাটি থেকে।
37:12(আল্লাহর শক্তি-ক্ষমতা-মহিমা দেখে) তুমি কর বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ।
37:13তাদেরকে উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না।
37:14তারা আল্লাহর কোন নিদর্শন দেখলে ঠাট্টা করে।
37:15আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’
37:16আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?
37:17এবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’
37:18তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’
37:19ওটা (হবে) মাত্র একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে (সব কিছু) দেখতে পাবে।
37:20তারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’
37:21এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে।
37:22(হুকুম দেয়া হবে) ‘একত্র কর যালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও, যাদের তারা ‘ইবাদাত করত
37:23আল্লাহর (‘ইবাদাতের) পরিবর্তে, আর তাদেরকে জাহান্নামের পথ দেখাও।
37:24অতঃপর ওদেরকে থামাও ওদেরকে তো প্রশ্ন করা হবে-