82:1যখন আসমান ফেটে যাবে,
82:2যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
82:3সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
82:4যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
82:5তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
82:6হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
82:7যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
82:8তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
82:9না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
82:10অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
82:11সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
82:12তারা জানে তোমরা যা কর।
82:13নেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
82:14আর পাপীরা থাকবে জাহান্নামে,
82:15কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
82:16তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
82:17তুমি কি জান কর্মফলের দিনটি কী?
82:18আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
82:19সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।
83:1দুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়),
83:2যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়,
83:3আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।
83:4তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,