89:23আর জাহান্নামকে সেদিন (সামনাসামনি) আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?
89:24সে বলবে, ‘হায়! আমার (এখনকার) জীবনের জন্য যদি আমি (সৎকর্ম) আগে পাঠাতাম!
89:25অতঃপর সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না
89:26এবং তাঁর বাঁধনের মত কেউ বাঁধতে পারবে না।
89:27(অপর দিকে নেককার লোককে বলা হবে) হে প্রশান্ত আত্মা!
89:28তোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে।
89:29অতঃপর আমার (নেক) বান্দাহদের মধ্যে শামিল হও
89:30আর আমার জান্নাতে প্রবেশ কর।
90:1(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),
90:2আর তুমি এই নগরের হালালকারী।
90:3শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের),
90:4আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)।
90:5সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই?
90:6সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।
90:7সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
90:8আমি কি তাকে দু’টো চোখ দিইনি?
90:9আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?
90:10আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।
90:11(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।
90:12তুমি কি জান দুর্গম গিরিপথ কী?
90:13(তা হচ্ছে) দাসমুক্তি।
90:14অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান
90:15নিকটাত্মীয় ইয়াতীমকে,
90:16অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে।
90:17তদুপরি সে মু’মিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়।
90:18তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)।